মোঃ কামরুল ইসলাম, সাপাহার:
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) উত্তরাঞ্চলের কৃষি ও জীবনযাত্রার চিত্র বদলে দিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ১০ লাখ ৬২ হাজার কৃষক পরিবারের প্রায় ১০ লাখ ৩৬ হাজার হেক্টর জমিতে রবি শস্যের জন্য পানি সরবরাহ করছে। গভীর নলকূপ, সৌরশক্তি চালিত এলএলপি, খাল পুনঃখনন, ওভারহেড ট্যাংক নির্মাণ এবং বনায়নের মতো প্রকল্পগুলোর মাধ্যমে বিএমডিএ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে।
নওগাঁ জেলার সাপাহার উপজেলার তাঁতই গ্রামের বাসিন্দা মো. আব্দুল্লাহ (৩৮) বলেন, “বিএমডিএ’র কার্যক্রমের কারণে আমরা এখন খেয়েপরে বেঁচে আছি। তবে কিছু কর্মকর্তা-কর্মচারীর কাজে আরও স্বচ্ছতা থাকলে ভালো হয়।” অন্যদিকে, গোদাগাড়ী উপজেলার দেওপাড়ার আতাউর রহমান (৫০) বলেন, “আগে আমাদের এলাকায় বছরে মাত্র একটি ফসল হতো, যা বৃষ্টির পানির উপর নির্ভরশীল ছিল। এখন বিএমডিএ’র পানি ব্যবহার করে একই জমিতে তিনটি ফসল ফলানো সম্ভব হচ্ছে।”
১৯৯০ সালের আগে বরেন্দ্র অঞ্চল ছিল মরুপ্রায়। লাল কংকরময় মাটির উঁচু-নিচু টিলা ও ছায়াহীন রুক্ষ প্রান্তর নিয়ে গঠিত এই অঞ্চলটি এখন সবুজ শ্যামলিমায় পরিপূর্ণ। বিএমডিএ’র মাধ্যমে গভীর নলকূপ স্থাপন, পুকুর ও খাল খনন, বৃক্ষরোপণ এবং ফিডার রোড নির্মাণের মতো প্রকল্পগুলো এ অঞ্চলের কৃষি ও অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছে।
বিএমডিএ’র সেচ শাখার প্রধান অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. জাহাঙ্গীর আলম খান জানান, প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১৬ জেলায় ১৫,৮২৮টি গভীর নলকূপ স্থাপন করেছে। এছাড়া ১৫,৮৯৫.০৬ কিলোমিটার এলাকায় সেচের পানি বিতরণ ব্যবস্থা নির্মাণ, ৬৫০টি পাতকূয়া, ৫৭৬টি বিদ্যুৎ চালিত এলএলপি এবং ৪৫০টি সোলার এলএলপি স্থাপন করা হয়েছে। এছাড়া ৪,২৫৭ কিলোমিটার খাস ও মজা খাল পুনঃখনন, ৭৭৮টি ক্রসড্যাম নির্মাণ এবং ১৩টি নদীতে পল্টুন স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, বিএমডিএ ১৫,৯২টি পরিবারের জন্য খাবার পানি সরবরাহের জন্য ওভারহেড ট্যাংক নির্মাণ করেছে। এছাড়া বনায়নের লক্ষ্যে ২ কোটি ৫৮ লাখ গাছ রোপণ, প্রতি বছর ৬০০ মেট্রিক টন বীজ উৎপাদন এবং ১ লাখ ৪৮ হাজার ২১৮ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমানে আবাদযোগ্য জমির পরিমাণ দাঁড়িয়েছে ২৫ লাখ ৫৩ হাজার হেক্টর, যার মধ্যে ১০ লাখ ৩৬ হাজার হেক্টর জমিতে সেচের পানি সরবরাহ করা হচ্ছে।
১৯৯২ সালের ১৫ জানুয়ারি রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ২৫টি উপজেলাকে নিয়ে বিএমডিএ একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে ১,৮৯৪ জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন, যাদের মধ্যে ১৯৪ জন সহকারী ও উপ-সহকারী প্রকৌশলী রয়েছেন।
বিএমডিএ’র এই উদ্যোগ বরেন্দ্র অঞ্চলের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এক সময়ের মরুপ্রায় এলাকা এখন সবুজ ফসলে ভরপুর, যা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।










