অনলাইন ডেস্ক:
দেশের ক্যানসার রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ক্যানসার চিকিৎসার সুযোগ প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ক্যানসার রোগীদের দীর্ঘমেয়াদি ভোগান্তি ও ব্যয় কমাতে দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে। এছাড়া আধুনিক যন্ত্রপাতি পরিচালনার সক্ষমতা বাড়াতে দক্ষ জনবল গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে এবং এ লক্ষ্যে সংশ্লিষ্টদের বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ক্যানসারের সেবা সহজলভ্য করতে মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।











