বাংলাদেশকে নিখুঁত গণতান্ত্রিক দেশে পরিণত করবে সংস্কার: গুতেরেস

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আশাবাদ ব্যক্ত করেছেন যে, সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের অন্যতম নিখুঁত গণতান্ত্রিক দেশে পরিণত হবে। রমজান সংহতি সফর শেষে রবিবার (১৬ মার্চ) সকালে ঢাকা ছাড়ার আগে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

আজ সকাল ৯টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন জাতিসংঘ মহাসচিব। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বিমানবন্দরে তাকে বিদায় জানান। বাংলাদেশ ত্যাগের আগে গুতেরেস প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকা ছাড়ার আগে গুতেরেস বলেন, বাংলাদেশ যে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে তা দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও নিখুঁত করে তুলবে। তিনি এই প্রচেষ্টার প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন জানান। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং উচ্চ প্রতিনিধি খলিলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে অবস্থানকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং প্রায় ১ কোটি রোহিঙ্গার সঙ্গে রমজান সংহতি ইফতারে অংশ নেন। তিনি বলেন, ১০ লাখের বেশি রোহিঙ্গাকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতা একেবারে অসাধারণ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট মোকাবিলায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।