নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনায় তিনি এ তথ্য তুলে ধরেন।
‘শিক্ষার বাজেট, বাজেটের শিক্ষা’ শীর্ষক এই আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এগুলো প্রাধান্য পাবে। আবারও বলি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।” তিনি স্বীকার করেন, দেশের শিক্ষার মান এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। তার ভাষায়, “এটা দিয়ে বাংলাদেশের চাহিদাই পূরণ করা যাবে না, আন্তর্জাতিক মানের তো ধারেকাছেও নেই।”
এই প্রেক্ষাপটে শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়টি সামনে এসেছে। অনুষ্ঠানে উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৪ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য অবৈতনিক শিক্ষা চালুর কথাও বলেন তিনি। “প্রাথমিক গ্রেড বাড়িয়ে অষ্টম পর্যন্ত নিয়ে যেতে চাই, এটা করব ধাপে ধাপে,” বলেন ববি হাজ্জাজ।
বর্তমানে দেশে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ এবং তা অবৈতনিক। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে আর্থিক প্রণোদনা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।
গণসাক্ষরতা অভিযানের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় শিক্ষাবিদ ও নীতিনির্ধারকেরা শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর ওপর জোর দেন। অনুষ্ঠানে সংস্থাটির পক্ষ থেকে বাজেট সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয় এবং শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর দাবিও জানানো হয়। বিশেষজ্ঞদের মতে, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সমন্বিত বিনিয়োগই টেকসই উন্নয়নের পথ সুগম করতে পারে।











