জেলা প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাসের চাপায় উফেজা বেওয়া (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০) নিহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামে ঢাকা-বকশীগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উফেজা বেওয়া বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের মৃত মোকছেদ আলীর স্ত্রী ও ফরিদা বেগম তার ছেলে নূর ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বকশীগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেওয়া ও ফরিদা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাস ও তার সহকারী মহিউদ্দিনকে আটক করে পুলিশে দেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ব্যাপারে বকশীগঞ্জ হাইওয়ে থানার পক্ষ থেকে মামলা দায়েরসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে হাইওয়ে থানার ওসির মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।











