নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বৈঠকে দলের তৃণমূলের নেতাদের বললেন, নির্বাচনের আগে বিএনপি যে ইশতেহার দিয়েছিল তা সর্বশক্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। বিএনপি নেতাদের সহযোগিতা ছাড়া সরকার সফল হতে পারবে না। ৫২ শতাংশ মানুষ বিএনপির ইশতেহারে পক্ষে ভোট দিয়েছে। নির্বাচনের আগে বিএনপির ইশতেহার এখন সরকারের ইশতেহার হয়ে গেছে।
আন্দোলনের পর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা এমপি-মন্ত্রী হওয়ায় কার্যত থেমে গেছে দলটির দলীয় কার্যক্রম। তাই দলকে রাজপথে সক্রিয় করার লক্ষ্যে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটের তিন সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।
এসময় বিগত ফ্যাসিস্ট আমলের রাজনীতি পুনরায় ফিরিয়ে না আনার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, “আমার এমন একটা দেশ তৈরি করতে চাই, যেই দেশে শিক্ষার্থী সুন্দর শিক্ষার পরিবেশ পাবে, নারী-পুরুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত এবং গুম খুনের শিকার হচ্ছিলো তখন বিএনপি চেয়েছিল দেশে এমন একটি পরিবেশ তৈরি হোক যেখানে তর্ক-বিতর্ক থাকবে, কথা বলার সুযোগ থাকবে, কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হবে না।”
বিএনপির ইশতেহার এখন মানুষের ইশতেহার হয়ে গেছে- যা বাস্তবায়ন করা প্রধান কাজ বলেও জানান সরকারপ্রধান।
‘ভোটের আগে জনসাধারণকে দেয়া অঙ্গীকার মোতাবেক, এমন একটি দেশ তৈরি করতে চায় বিএনপি সরকার যেখানে শিক্ষার্থীরা শিক্ষার সুন্দর পরিবেশ পাবে। নির্বাচনের আগে দেয়া বিএনপির ইশতেহার নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। দেশের মানুষ এই ইশতেহারের পক্ষে রায় দিয়েছে’-যোগ করেন তারেক রহমান।
এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চাঙ্গা করতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহানগর ও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির নেতারাও।











