অনলাইন ডেস্ক:
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল রোববার বেলা ৩টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত পুনট বাসস্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
এ ঘটনাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পক্ষ দাবি করছে, সম্মেলন ছাড়াই বাড়িতে বসে ‘পকেট কমিটি’ ঘোষণা করা হয়েছে, অন্য পক্ষ অভিযোগ অস্বীকার করে বলছে, সম্মেলন করে নিয়মতান্ত্রিকভাবে ৯টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটি ঘোষণার খবর পেয়ে সাবেক এমপি গোলাম মোস্তফা কর্মী-সমর্থকদের নিয়ে পুনট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। তাদের হাতে ছিল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা। গোলাম মোস্তফা তার সমর্থকদের নিয়ে ঘোষিত কমিটি প্রতিহত করার চেষ্টা করেন, যা সংগঠনবিরোধী বলে দাবি করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন।
উপজেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুনট ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পরিস্থিতি অবনতি হতে পারে এবং জনসাধারণের জানমালের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে পুনট বাসস্ট্যান্ডসহ পুরো ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
গোলাম মোস্তফার সমর্থক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার জানিয়েছেন, “রাতে ঘরে বসে যে কমিটি ঘোষণা করা হয়েছে, তা আমরা মানি না। গঠনতন্ত্রের আলোকে ফের কমিটি ঘোষণা করতে হবে।” তিনি আরও বলেন, খবর শুনে তারা পুনটে গিয়েছিলেন, তবে সেনাবাহিনী ও পুলিশ তাদের বাধা দিয়েছে। ১৪৪ ধারা জারি হওয়ায় তারা ফিরে আসেন।
কালাই থানার ওসি জাহিদ হোসেন বলেন, “যদি কেউ আইন অমান্য করার চেষ্টা করেন, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তবে তিনি জানিয়েছেন, বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।











