বিএসএফের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশি যুবক নিহত

ফাইল ছবি

জেলা প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আল আমীন (৩২), তিনি কসবার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এখনো পর্যন্ত বিজিবির কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার সন্ধ্যায় কসবার পুটিয়া সীমান্তের ওপারে কয়েকজন যুবকের দিকে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আল আমীন গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাকে ভারতের হাসপাতালে নিয়ে গেলে সেখানেই রাত ৯টায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদির এবং বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে বিজিবির সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য এখনো পাওয়া যায়নি।