নিজস্ব প্রতিবেদক:
বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন এবং বাস্তব যাচাই কার্যক্রমের জন্য বুধবার (১ জুলাই) সারাদেশের সব তেলের ডিপো ও প্রধান স্থাপনায় জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে বিমান চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য দেশি ও বিদেশি এয়ারলাইন্সে জেট, এ১ জ্বালানি সরবরাহ চালু রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
মঙ্গলবার (৩০ জুন) বিপিসির জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, বার্ষিক সমাপনী কার্যক্রমের অংশ হিসেবে বিপিসির আওতাধীন বিভিন্ন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোতে মজুদ গণনা, সম্পদ মূল্যায়ন এবং বাস্তব যাচাই করা হবে। এ কারণে চট্টগ্রামের প্রধান স্থাপনাসহ দেশের সব ডিপো ও স্থাপনায় ওই দিনের বিপণন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিপিসি জানিয়েছে, এই কার্যক্রমের উদ্দেশ্য হলো জ্বালানি তেলের প্রকৃত মজুদ ও সম্পদের সঠিক হিসাব নিশ্চিত করা। তাই নির্ধারিত দিনে নিয়মিত জ্বালানি তেল সরবরাহ ও বিপণন বন্ধ রেখে বার্ষিক যাচাই কার্যক্রম সম্পন্ন করা হবে।
তবে বিমান পরিবহন খাতে জ্বালানির সরবরাহে কোনো ধরনের বিঘ্ন না ঘটাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, “দেশি ও বিদেশি এয়ারলাইন্সে নিরবচ্ছিন্নভাবে জেট, এ১ জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট ডিপোর মজুদ ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে সরবরাহ ব্যবস্থা সচল রাখতে হবে।”
বিপিসি আরও জানিয়েছে, বার্ষিক সমাপনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য যমুনা অয়েল কোম্পানি, পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেডসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।











