বেসরকারি ব্যবস্থাপনায় ৩টি হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর পবিত্র হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

 

রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার আজ বুধবার সকালে প্যাকেজগুলোর ঘোষণা দেন। এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি ব্যবস্থাপনায় এবার খাওয়া ও কোরবানিসহ তিনটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিশেষ প্যাকেজের খরচ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজের খরচ ৫ লাখ ৯৫ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা রাখা হয়েছে।

 

গত বছর বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজের খরচ ৫ লাখ ২৩ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে এবার বিশেষ প্যাকেজের ব্যয় বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজের ব্যয় বেড়েছে ৭২ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের ব্যয় বেড়েছে ৩ হাজার ৫৪৫ টাকা।