ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশিত: 11 November 2026, 3:30 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম আরও স্বচ্ছ ও যুগোপযোগী করে তুলতে নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এই নীতিমালায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিদ্যালয়ের এন্ট্রি শ্রেণিতে এবং আসন খালি থাকা সাপেক্ষে সাধারণত নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে।

জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি হতে হবে, তবে তা কোনোভাবেই ৭ বছরের কম হওয়া যাবে না। এক্ষেত্রে জন্মতারিখ ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীর বয়স নিশ্চিত করতে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি ভর্তির আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত শিথিলতার সুবিধা রাখা হয়েছে।

শিক্ষাবর্ষের বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, প্রতিটি শিক্ষাবর্ষ ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে এবং প্রতি শ্রেণি শাখায় শিক্ষার্থীর সংখ্যা নির্ধারিত থাকবে ৫৫ জন।

শিক্ষাবর্ষ শুরুর আগেই স্কুল কর্তৃপক্ষ ও ভর্তি কমিটি সভা ডেকে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় চূড়ান্ত করবে। তবে একই ক্যাচমেন্ট এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে যেন ভিন্ন ভিন্ন তারিখে ভর্তি পরীক্ষা আয়োজন করা যায়, সেজন্য সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে পরামর্শ করে সময়সূচি নির্ধারণ করতে হবে।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় সুশৃঙ্খল ও স্বচ্ছ প্রক্রিয়ায় ভর্তির কার্যক্রম সম্পন্ন করবে। এই প্রক্রিয়া সফলভাবে পরিচালনার জন্য স্কুল কর্তৃপক্ষ চাইলে এক বা একাধিক উপকমিটি গঠন করার ক্ষমতা রাখে।

ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলগুলোতে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়সংলগ্ন ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করা বাধ্যতামূলক করা হয়েছে এবং বাকি আসনগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে একই শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উন্নীত হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার এই ৪০ শতাংশ কোটা প্রযোজ্য হবে না। এছাড়া একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান একই ক্যাচমেন্ট এলাকায় অবস্থিত হলে শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী যেকোনো প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকেরা ম্যানেজিং কমিটির সহযোগিতায় নিজ নিজ স্কুলের ক্যাচমেন্ট এরিয়া বা স্কুল সেবা অঞ্চল নির্ধারণ করবেন। এই ক্যাচমেন্ট এলাকা নির্ধারণ নিয়ে যদি একাধিক স্কুলের মধ্যে কোনো ধরনের মতপার্থক্য বা জটিলতা তৈরি হয়, তবে থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেই বিষয়ের সমাধান করবেন।

মন্তব্য করুন