বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে সক্ষমতা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব বাণিজ্য সংস্থার বাধ্যবাধকতা যথাযথভাবে পালনের মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যে আরও কার্যকর অবস্থান গড়ে তুলতে সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবরে চার দিনব্যাপী “ন্যাশনাল ট্রেনিং অন ডব্লিউটিও নোটিফিকেশন রিকয়ারমেন্টস” প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনে তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের নতুন বাস্তবতায় দক্ষতা ও প্রস্তুতি বাড়ানোর বিকল্প নেই।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, ডব্লিউটিওর নিয়ম মেনে চলতে এবং বৈশ্বিক অগ্রগতির সঙ্গে তাল রাখতে নোটিফিকেশন গুরুত্বপূর্ণ হাতিয়ার। “নোটিফিকেশন সঠিকভাবে বজায় রাখতে পারলে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় আরও কার্যকরভাবে অংশগ্রহণ করা সম্ভব,” বলেন তিনি। তার মতে, শুধু নিয়ম জানা নয়, তা বাস্তবে প্রয়োগ করার সক্ষমতাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

 

তিনি আরও বলেন, বিশ্ববাণিজ্যে প্রতিযোগিতা বাড়ছে, সেই বাস্তবতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন জরুরি। এ ধরনের প্রশিক্ষণ বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়াবে, একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে জ্ঞান ও সক্ষমতা শক্তিশালী করবে। অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগই হবে এই উদ্যোগের মূল সাফল্য বলেও মন্তব্য করেন তিনি।

 

বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, তিন দশকের বেশি সময় ধরে বৈশ্বিক সম্প্রদায় যে প্রতিষ্ঠান গড়ে তুলেছে, তা আরও শক্তিশালী হয়ে এগোবে। বর্তমান স্থবিরতা কাটিয়ে ডব্লিউটিও নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করবে বলেও আশাবাদ জানান তিনি।

 

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান। এছাড়া ডব্লিউটিওর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের হেড অব কাউন্সিলর আইটিটিসি ওসমান আলী খিলজি এবং সেন্ট্রাল ও ইস্টার্ন ইউরোপ, সেন্ট্রাল এশিয়া ও ককেশাস অঞ্চলের হেড অব কাউন্সিলর ড. কেঞ্জা লি মেনটেক বক্তব্য দেন।

 

বক্তারা বলেন, বৈশ্বিক বাণিজ্যে দ্রুত পরিবর্তিত বাস্তবতায় সদস্য রাষ্ট্রগুলোর জন্য সময়মতো নোটিফিকেশন দেওয়া শুধু বাধ্যবাধকতা নয়, এটি বিশ্বাসযোগ্যতা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষারও অংশ। সেই জায়গা থেকে বাংলাদেশকে আরও প্রস্তুত হতে হবে।

 

চার দিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন মন্ত্রণালয়ের ৫০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। ডব্লিউটিও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একাধিক সেশনে প্রশিক্ষণ পরিচালিত হবে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ রপ্তানি ও বাণিজ্য নীতিতে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।