ব্রাহ্মণবাড়িয়ায় তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

অনলাইন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈদ্যুতিক তার কেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব ওই এলাকার মৃত কামাল মিয়ার ছেলে। সরাইল থানার ওসি মোরশেদুল আলম ঘটনারসত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, টিঘর পশ্চিম পাড় এলাকায় করিম মিয়ার জমির মধ্য দিয়ে বাঁশের খুঁটিতে বিদ্যুতের সার্ভিস তার একটি বাড়িতে সরবরাহ করা হয়েছে। সকালে কোনো এক সময়ে ওই সার্ভিস তার সজিব কেটে চুরি করতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। স্থানীয়রা পানিতে তার লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে সরাইল থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওসি জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।