ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপূর্ব কারাগারে

অনলাইন ডেস্ক:

রাজধানীর প্রগতি সরণিতে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক তৌফিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার হওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম আনছারি অপূর্ব (২৪) কে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

ডিএমপি পুলিশ গত শনিবার রাত ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অপূর্বকে গ্রেফতার করে।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে প্রগতি সরণির রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহতের স্ত্রী ইসমত জাহান ইলোরা বাদী হয়ে ২৮ জুলাই বাড্ডা থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. হানিফ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপূর্বকে কারাগারে রাখার আবেদন করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।