অনলাইন ডেস্ক:
ভারতীয় পুলিশের সহায়তায় বেনাপোল চেকপোস্টে ১৬ বাংলাদেশি কিশোর-কিশোরীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় পুলিশ এসব কিশোর-কিশোরীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইমতিয়াজ আহমেদ জানান, ভারতে পাচার হওয়া এসব কিশোর-কিশোরীকে আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাদের আইনি সহায়তার জন্য রাইট যশোর নামে একটি এনজিও সংস্থা দায়িত্ব গ্রহণ করবে।
রাইট যশোর এনজিওর সিনিয়র অফিসার তৌফিকজ্জুামান জানান, এই কিশোর-কিশোরীরা দালালের প্রলোভনে পড়ে ভালো কাজের আশায় ভারতে চলে যায়। তবে সেখানে অবৈধ অনুপ্রবেশের কারণে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং পরে আদালতে সোপর্দ করে। এরপর তিনটি মানবাধিকার সংস্থার সহায়তায় শেল্টার হোমে রাখা হয়।
তৌফিকজ্জুামান আরও জানান, দুই দেশের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে কিশোর-কিশোরীরা দেশে ফিরতে সক্ষম হয়েছে। এছাড়া, তারা যদি দালালের বিরুদ্ধে মামলা করতে চায়, তবে তাদের আইনি সহায়তা দেওয়া হবে।ফেরত আসা কিশোর-কিশোরীরা বর্তমানে দেশের বিভিন্ন জেলায় তাদের বাড়ি ফিরে গেছে।











