জেলা প্রতিনিধি :
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ১৬ জন বাংলাদেশিকে অবৈধভাবে ভারত থেকে দেশে অনুপ্রবেশের সময় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন নারী, ১১ জন পুরুষ এবং ১ জন শিশু রয়েছে। তারা পিরোজপুর, নড়াইল এবং খুলনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আটককৃতদের মধ্যে রয়েছেন মিন্টু (৩৭), রনি (২৮), জনি (৩২), কমল প্রমানিক (২২), আসলাম (৩২), আবু সালেক (৩৬), বেল্লাল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭), রাশিদা বেগম (৩৭), রিনা খাতুন (২৭), রাকিবুল ইসলাম (৭), নাজমা খাতুন (৩০), বনানী শিকদার (৩৫), শাহিনুর রহমান (৩৫) এবং জিহাদ (২৭)।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটককৃতরা চলতি বছরের ১৮ এবং ২১ মার্চ সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরে, তারা দালালদের মাধ্যমে ধান্যখোলা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল।
ধান্যখোলা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।










