নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বললেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠায় সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে যেভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে ভূমিকা রেখেছেন, সেই চেতনা নতুন বাংলাদেশ গঠনের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেছেন,নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে সরকার।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং বাংলাদেশকে ধারণ করে নতুনভাবে দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার।
মাহদী আমিন আরও বলেন, নির্বাচনী ইশতেহারে যে প্রস্তাবনা দেয়া হয়েছিল, তা বাস্তবায়নে প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে বাস্তবায়ন করবে সরকার। অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ডিআরইউ কমপ্লেক্স তৈরিতে তার সংস্থার পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কাজী রওনক হোসেন, রাজু আহমেদ, জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুল মান্নান, মনিরুল ইসলাম, নাদিরা কিরণ, মনির হোসেন লিটন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, রফিকুল ইসলাম আজাদ, ইলিয়াস হোসেন, সহসভাপতি মেহেদী আজাদ মাসুমসহ সংগঠনের নেতৃবৃন্দ।










