ভোলায় বৈরী আবহাওয়ায় ১০ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি :

মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় জেলা ভোলায় আবারও বৈরী আবহাওয়া বিরাজ করছে। সমুদ্রবন্দরকে ৩ নম্বর এবং নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর ফলে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং নৌ-পরিবহনে মারাত্মক বিঘ্ন দেখা দিয়েছে।

মঙ্গলবার সকালে ভোলার মেঘনা নদীর পানির চাপ বেড়ে ইলিশা ফেরিঘাটে অতি জোয়ারে লো-ওয়াটার ঘাটটি পানির নিচে তলিয়ে যায়। ফলে ফেরিতে যানবাহন ওঠানামার কাজ ব্যাহত হচ্ছে। বর্তমানে শুধুমাত্র হাই-ওয়াটার ঘাট দিয়ে যানবাহন চলাচল সম্ভব হলেও এতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় লাগছে।

ভোলা নদীবন্দর (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীতে ১ নম্বর সংকেত জারির কারণে ভোলা-লক্ষ্মীপুর, মনপুরা-ঢাকাসহ জেলার অভ্যন্তরীণ ১০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ভোলা-ইলিশা রুটে ফেরি চলাচল এখনো স্বাভাবিক রয়েছে।

যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। নিষেধাজ্ঞা অমান্য করে অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার ও স্পিডবোটে যাতায়াত করছেন, যা যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। ঘাট সংশ্লিষ্টদের মতে, নিরাপত্তার স্বার্থে নৌ-পথে চলাচল না করাই শ্রেয়।