ভ্যাটসহ সোনার নতুন দাম ঘোষণা, কার্যকর বৃহস্পতিবার থেকেই

নিজস্ব প্রতিবেদক:

দেশের বাজারে প্রথমবারের মতো ভ্যাট অন্তর্ভুক্ত করে স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। নতুন এ দাম বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

 

বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের মূল্য নির্ধারণে নতুন ভ্যাট কাঠামো অনুসরণ করা হয়েছে। আগে স্বর্ণের মূল দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ করা হতো। নতুন বাজেটে সেই ব্যবস্থা পরিবর্তন করে প্রতি ভরিতে নির্দিষ্ট ২ হাজার ৫০৮ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। এর ফলে আগের ভ্যাট ব্যবস্থার তুলনায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ৯ হাজার ১৩ টাকা কমেছে।

 

বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

 

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

 

এর আগে রোববার (১৫ জুন) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। ওই দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ হওয়ায় স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্য দাঁড়িয়েছিল ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা। নতুন ভ্যাট কাঠামো কার্যকর হওয়ায় একই মানের স্বর্ণালঙ্কার কিনতে এখন ক্রেতাদের ভরিপ্রতি ৯ হাজার ১৩ টাকা কম খরচ হবে।

 

বাজুস আরও জানিয়েছে, নতুন নির্ধারিত মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় স্বর্ণালঙ্কার বিক্রির সময় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

 

সংগঠনটি জানিয়েছে, রুপার অলঙ্কারের ভ্যাট সংক্রান্ত বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। বর্তমানে রুপার ক্ষেত্রে আগের মূল্য কাঠামোই বহাল রয়েছে।