নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, যেসব বিষয়ে এখনো মতভিন্নতা রয়েছে, সেগুলো নিয়ে দ্রুততম সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে। একইসঙ্গে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দলগুলোর দায়িত্বশীল আচরণ ও দায়বদ্ধতা প্রদর্শনের আহ্বানও জানান তিনি।
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের চতুর্দশ দিনের আলোচনার শুরুতে তিনি এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন এসব তথ্য জানায়।
আলী রীয়াজ বলেন, “প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় কিছু বিষয়ে একমত হওয়া গেছে। তবে যেসব বিষয়ে ভিন্নমত রয়ে গেছে, তা দ্রুত নিষ্পত্তি করতে হবে। কমিশনের ব্যর্থতা মানেই আমাদের সকলের ব্যর্থতা।”
তিনি আরও বলেন, “এই কমিশন কোনো আলাদা সত্ত্বা নয়, এটি রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টার অংশ। কাঠামোগত সংস্কারে আমরা কতটা একমত হতে পারছি, সেটিই হবে আমাদের সাফল্যের মূল মাপকাঠি।”
এদিনের আলোচনায় নারী প্রতিনিধিত্ব, সংবিধান সংশোধন এবং দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা গঠনের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় হয়।
বৈঠকে কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।











