ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

১৭ হাজার টাকায় সংসার চলে না, ক্ষুব্ধ পোশাকশ্রমিকরা

প্রকাশিত: 25 November 2026, 4:23 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

পোশাকশিল্পের জন্য নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করায় তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুরের শ্রীপুরের শ্রমিকরা। তাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বাসাভাড়া বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুতের বাড়তি খরচের তুলনায় এই মজুরি অত্যন্ত অপ্রতুল। শ্রমিকদের দাবি, বাস্তব জীবনযাত্রার ব্যয় বিবেচনা না করেই এই মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে, যা দিয়ে পরিবার নিয়ে টিকে থাকা অসম্ভব।

বুধবার সকালে শ্রীপুর পৌর শহরের আনসার রোডের মাথায় কথা হয় মেঘনা গ্রুপের পোশাকশ্রমিক তামান্নার সঙ্গে। তিনি ক্ষোভের সঙ্গে প্রশ্ন রাখেন, “১৭ হাজার টাকার এই বেতনে কি সংসার চলে? আপনার সংসার চলে এই টাকায়? চাল, ডাল, তেল থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার—সবকিছুর দাম আকাশছোঁয়া। বাড়ির মালিক ভাড়া বাড়িয়েছেন, বিদ্যুৎ বিলও বেশি আসছে। এই টাকায় আমাদের সংসার চলবে কীভাবে?” তামান্না জানান, স্বামী পরিত্যক্তা হয়ে দুই সন্তান ও অসুস্থ মায়ের ভরণপোষণের দায়িত্ব তার একার কাঁধে, ফলে এই বেতনে জীবন চালানো তার জন্য দুর্বিষহ হয়ে পড়েছে।

একই কারখানার শ্রমিক শরিফা আক্তার জানান, নতুন মজুরি ঘোষণার পর সকালে কারখানায় এসে তারা জানতে পারেন তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা কারখানা খোলার পর বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। আরেক শ্রমিক জহুরা আক্তার বলেন, “শ্রমিকদের পক্ষ থেকে ২২ হাজার টাকা বেতনের দাবি জানানো হয়েছিল, কিন্তু মালিকপক্ষ তা মানেনি। আমরা সড়ক অবরোধ বা আন্দোলন করতে চাই না, শুধু পরিশ্রমের ন্যায্য মজুরিটুকু চাই।”

উল্লেখ্য, পোশাকশ্রমিকরা দীর্ঘদিন ধরে মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করে আসছিলেন। শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। দীর্ঘ আলোচনা ও ভোটাভুটির পর বুধবার ভোরে বোর্ড ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের সিদ্ধান্ত নেয়, যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এই ঘোষণায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ রয়েই গেছে।

মন্তব্য করুন