জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ডাক্তার কোয়াটার থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (২৫) যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে থানার এস.আই ইউসুফ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক মর্গে প্রেরন করা হয়েছে। ধারনা করা হচ্ছে প্রায় ১ মাস আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আবুল হাসনাত জানান-হাসপাতালের ডাক্তারদের জন্য নির্মিত কয়েকটি কোয়াটার দীর্ঘদিন আগেই পরিত্যক্ত ঘোষনা করা হয়। তার অধিকাংশেই দরজা-জানালা নেই। সোমবার হাসপাতালে কর্তব্যরত আসনার সদস্যরা ওই ভবনগুলোর আশ-পাশের আগাছা পরিস্কার করতে গেলে জনৈক আনসার সদস্য জানালার ফাঁক দিয়ে এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ধারা করা হচ্ছে প্রায় ১ মাস আগে ওই যুবক পরিত্যক্ত ভবনে গলায় রশি দিয়ে আত্নহত্যা করে থাকতে পারে।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইমরুল হাসান জানান এ কোয়াটার গুলো অনেক আগেই পরিত্যক্ত ঘোষনা করা হয়। যার ফলে কোন ডাক্তার সেথানে থাকে না। আর অধিকাংশ দরজা-জানালা ভাঙ্গা। ধারনা করা হচ্ছে ওই কোয়াটার গুলো খালি থাকায় ওই যুবক গলায় রশি দিয়ে আত্নহত্যা করে থাকতে পারে।
থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান-লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ওই যুবকের পরিচয় সনাক্তের জন্য আইনগত প্রক্রিয়া চলছে।











