মার্কিন শুল্কারোপ তিন মাসের জন্য স্থগিতের অনুরোধ জানালেন ড. মুহাম্মদ ইউনূস

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মার্কিন শুল্কারোপ তিন মাসের জন্য স্থগিত করার জন্য একটি চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ মার্কিন বাণিজ্য আলোচ্যসূচি সম্পূর্ণরূপে সমর্থন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এবং শীঘ্রই যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিকে বাংলাদেশের কার্যক্রমের বিস্তারিত জানিয়ে একটি আলাদা চিঠি পাঠানো হবে।

রোববার, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চিঠি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন অর্থ উপদেষ্টা, যার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা এই চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে ড. ইউনূস উল্লেখ করেছেন, বাংলাদেশের মার্কিন রপ্তানি বাড়ানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মার্কিন শুল্ক পদক্ষেপ তিন মাসের জন্য স্থগিত করার অনুরোধ জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ফেব্রুয়ারিতে হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের যুক্তরাষ্ট্র সফরের সময় প্রথমবারের মতো বাংলাদেশ এই উদ্যোগের বিষয়ে কাজ করার জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে।

এছাড়া, চিঠিতে বলা হয়, মার্কিন পণ্য রপ্তানিতে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশের তুলনায় বাংলাদেশে সবচেয়ে কম শুল্ক রয়েছে। আগামীতে মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর পরিকল্পনা রয়েছে, যার মধ্যে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর এবং চিকিৎসা সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে।

বাংলাদেশ, মার্কিন কৃষিপণ্যের রপ্তানির গতি বাড়াতে বিশেষ বন্ডেড গুদাম নির্মাণের উদ্যোগ নিচ্ছে, যেখানে তুলোর মতো পণ্য সহজে খালাস করা যাবে। চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ কাস্টমস পদ্ধতি ও মান সরলীকরণের উদ্যোগ গ্রহণ করেছে, যাতে পণ্য রপ্তানি প্রক্রিয়া আরও সহজ হয়।

এ সময় শফিকুল আলম বলেন, আশা করা হচ্ছে যে, এসব পদক্ষেপের ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের বাজার আরও সম্প্রসারিত হবে।