অনলাইন ডেস্ক:
খুলনা মহানগরীর লবণচরা এলাকায় মায়ের সামনেই খুশি বেগম (২৫) নামে এক গৃহবধূকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিন্নাহপাড়ার ৭ নম্বর গলির মুখে রিকশা থেকে নামার পরপরই এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত খুশি বেগম দুই সন্তানের জননী ছিলেন। স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
নিহতের মা জানান, সন্ধ্যাবেলা বাজার করে মেয়েকে নিয়ে রিকশায় করে বাসায় ফিরছিলেন তিনি। গলির মুখে রিকশা থেকে নামার পরপরই মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুশির কাছে তার স্বামীর অবস্থান জানতে চায়। খুশি উত্তর দেওয়ার আগেই অস্ত্র বের করে তাকে লক্ষ্য করে গুলি চালায় তারা। এরপর মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ, হামলাকারীরা স্থানীয় ‘আশিক গ্রুপ’-এর সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত খুশি বেগম ও তার স্বামী সুমন সরদার ওরফে ব্লেড বাবু উভয়েই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্বামীর সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।
উল্লেখ্য, খুলনায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর নাম বারবার উঠে আসছে। এর মধ্যে আশিক বাহিনী অন্যতম। যদিও পুলিশের দাবি, বিশেষ অভিযান ও নজরদারি জোরদারের মাধ্যমে অপরাধীদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এর আগে গত ২৩ জুন লবণচরা এলাকা থেকে আশিক গ্রুপের শীর্ষ শুটার পারভেজ গাজীকে গ্রেফতার করেছিল পুলিশ।










