মেছো বিড়াল সংরক্ষণে গুরুত্বারোপ করলেন পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

মেছো বিড়াল সংরক্ষণ শুধু প্রাণী অধিকার নয়, পরিবেশ রক্ষার জন্যও জরুরি—এ মন্তব্য করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “প্রকৃতির প্রতিটি প্রাণীর ভূমিকা আছে, তাই তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব।”

১ ফেব্রুয়ারি মেছো বিড়াল দিবস উপলক্ষে বন অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “মুরগি খাওয়ার অভিযোগে মেছো বিড়াল হত্যার মতো কর্মকাণ্ড খুবই অন্যায়। এদের রক্ষা করতে হবে, নয়তো বিলুপ্তির ঝুঁকিতে পড়বে। এদের হত্যা বন্ধ করতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।”

জেলা প্রশাসকরা মেছো বিড়াল রক্ষায় সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগানো হবে, তবে প্রকৃত প্রাণীপ্রেমীদের সম্পৃক্ত করা আরও কার্যকর হবে।” তিনি আরও বলেন, “গণমাধ্যমকে শুধুমাত্র দুঃখপ্রকাশ না করে, মেছো বিড়ালের পরিবেশগত গুরুত্ব তুলে ধরতে হবে।”

এছাড়া, জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়ান।” তিনি বলেন, “শুধু মেছো বিড়াল নয়, সব বিপন্ন প্রাণী রক্ষায় নিষ্ঠুরতা বন্ধ করতে হবে। অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে এবং আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।”

প্রকৃতির প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি করতে এবং সংকট কাটাতে কার্যকর বনায়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। আরও বক্তব্য রাখেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. মনিরুল এইচ. খান, ফজলে রাব্বী, প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমুখ।