অনলাইন ডেস্ক:
ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন কেভিন ডি ব্রুইনা, এবং এর ফলে ৩৩ বছর বয়সী এই বেলজিয়ান মিডফিল্ডার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পথে রয়েছেন। মিয়ামি এখন একচেটিয়া অধিকার নিয়ে ডি ব্রুইনার সঙ্গে আলোচনা শুরু করার সুযোগ পাবে, কারণ তারা ‘ডিসকভারি রাইটস’ অর্জন করেছে।
এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাব তাদের ডিসকভারি তালিকায় সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারে, এবং ওই তালিকায় থাকা খেলোয়াড়ের সঙ্গে আলোচনার একক অধিকার পায় সংশ্লিষ্ট ক্লাব। মিয়ামি একচেটিয়া অধিকার পেয়ে ডি ব্রুইনার সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা শুরু করতে পারবে। অন্য কোনো এমএলএস ক্লাব এই খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করতে পারবে না।
ডি ব্রুইনা সম্প্রতি ঘোষণা করেছেন, চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন। তিনি ২০১৫ সাল থেকে ক্লাবটির হয়ে খেলছেন এবং বর্তমানে সিটি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ১০ বছরের ম্যানসিটি ক্যারিয়ারে তিনি ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা, পাঁচটি কারাবাও কাপ, দুটি এফএ কাপ, দুটি কমিউনিটি শিল্ড এবং একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন।
এদিকে, গেল গ্রীষ্মে সান দিয়েগো এফসি ডি ব্রুইনাকে নিজেদের দলে নিতে চেয়েছিল, কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তারা তা করতে পারেনি। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর টাইলার হিপস বলেছিলেন, “ডি ব্রুইনার মজুরি আমাদের বাজেটের সঙ্গে মিলছে না।”
ইন্টার মিয়ামিতে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসের মতো বিশ^ তারকারা রয়েছেন। ডি ব্রুইনার অভিজ্ঞতা মিয়ামির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোর প্রস্তুতির জন্য। ২০২৫ সালে মিয়ামি বিশ^কাপে অংশ নেবে, এছাড়া তারা লিগস কাপেও খেলবে। বর্তমানে চলমান এমএলএস মৌসুমেও মিয়ামি অংশগ্রহণ করছে, যা ফেব্রুয়ারির শেষদিকে শুরু হয়েছে।











