রদ্রির ব্যানার নিয়ে যা বললেন ভিনিসিয়ুস

অনলাইন ডেস্ক:

গেল বছরের ব্যালন ডি’অর বিতর্ক ফুটবল বিশ্বে এখনো আলোচনা চলমান। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে সেবার ব্যালন ডি’অর প্রাপ্তির জন্য সেরা দাবিদার হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে এই পুরস্কারটি ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রির হাতে চলে যায়। এ নিয়ে রাগ ও ক্ষোভ প্রকাশ করে রিয়াল মাদ্রিদ ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করেছিল।

গত মঙ্গলবার, চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগে সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের আগেই সিটি সমর্থকরা বিতর্কিত সেই বিষয়কে আবারও সামনে আনে। তারা বিশাল একটি ব্যানার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করে, যেখানে লেখা ছিল জনপ্রিয় গানের শিরোনাম “স্টপ ক্রাইং ইয়োর হার্ট আউট” (কান্না থামাও, তোমার হৃদয় ভেঙে ফেলো না), এবং রদ্রির হাতে ব্যালন ডি’অরের ছবি ছিল। ব্যানারটি ছিল মূলত ভিনিসিয়ুসকে খোঁচা দেওয়ার উদ্দেশ্যে।

তবে, এই ম্যাচে ভিনিসিয়ুস তার অসাধারণ পারফরম্যান্স দিয়ে ম্যানসিটি সমর্থকদের ভালো জবাব দেন। রিয়াল মাদ্রিদ ৩-২ ব্যবধানে সিটির বিপক্ষে জয় পায়। যদিও ভিনিসিয়ুস গোল করতে পারেননি, তবে ৯২ মিনিটে রিয়ালের জয়সূচক গোলটি করার জন্য জুড বেলিংহ্যামকে দারুণ একটি অ্যাসিস্ট দেন। পুরো ম্যাচজুড়ে তার পারফরম্যান্স ছিল অসাধারণ।

ম্যাচ শেষে মোভিস্টারকে দেয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস ব্যানারটি দেখেছেন কিনা, জানতে চাওয়া হলে তিনি বলেন, “প্রতিপক্ষের সমর্থকরা যখন এমন কিছু করে, তখন সেটি আমাকে আরও শক্তি দেয় দারুণ খেলার জন্য। আজ আমি সেটাই করেছি। সিটি আমাদের ইতিহাস জানে এবং আমরা এই প্রতিযোগিতায় কী করেছি, সেটাও তারা জানে।”

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি সংবাদ সম্মেলনে বলেন, “আমি জানি না ভিনিসিয়ুস ব্যানারটি দেখেছে কিনা, তবে যদি দেখে থাকে, তাহলে এটি তার জন্য বড় অনুপ্রেরণা হয়ে কাজ করেছে।” অন্যদিকে, সিটি কোচ পেপ গার্দিওলা স্বীকার করেছেন, “ভিনিসিয়ুস একজন অসাধারণ খেলোয়াড়, এবং আমি জানি না সে ব্যানারটি দেখেছে কিনা।”