ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

রমজানে পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: 27 November 2026, 11:55 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখা সম্ভব হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে একটি সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ভোজ্যতেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে খন্দকার আবদুল মুক্তাদির জানান, আন্তর্জাতিক বাজার কিংবা পণ্য আমদানির উৎসস্থলে দাম বেড়ে যাওয়ার কারণেই দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করতে হয়েছে।

তিনি আরও বলেন, সয়াবিন ও পাম অয়েলের উৎপাদনস্থল বাংলাদেশ নয়। ফলে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম কমলে বা বাড়লে দেশের বাজারেও সরাসরি তার প্রভাব পড়ে।

মন্ত্রী উল্লেখ করেন, প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম আরও কিছুটা বেশি হওয়ার কথা ছিল। তবে আমদানিকারকদের বুঝিয়ে এবং একধরনের চাপ প্রয়োগ করে বর্তমান দাম ধরে রাখা হয়েছে।

তেল দাম নির্ধারণের প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনা করেই প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই হিসাব সংগ্রহ করে নিজেরাই তা যাচাই করতে পারবেন।

তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো গোপনীয় বিষয় নয়; যে কেউ চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের সূত্র সংগ্রহ করে হিসাব কষে দেখতে পারেন।

এদিকে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনে অস্বাভাবিক প্রবণতা লক্ষ্য করা যাওয়ায় সরকার সতর্কতামূলক অবস্থান নিয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, পুরো বিষয়টি সরকারের পর্যবেক্ষণে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এর আগে, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় সিলেট সদর উপজেলার অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী।

সেখানে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে স্বাভাবিক ও স্বনির্ভর জীবনযাপন করতে পারেন, সেজন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

উপকারভোগীদের উদ্দেশে তিনি জানান, কৃত্রিম অঙ্গ সরবরাহকারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় অঙ্গপ্রত্যঙ্গ তৈরি ও সরবরাহ করবে। উপকারভোগীরা তা বুঝে পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে অনুদানের অর্থ ছাড় করা হবে। শুধু অঙ্গপ্রত্যঙ্গ সরবরাহ করাই নয়, পরবর্তীতে কোনো সেবা বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলেও তা নিশ্চিত করবে ওই প্রতিষ্ঠান।

মন্ত্রী আরও বলেন, এই উদ্যোগ কেবল কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। উপকারভোগীরা আগ্রহী হলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কিংবা এসএমই-সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি কারও ব্যবসার ভালো পরিকল্পনা ও ক্ষুদ্র পুঁজির প্রয়োজন হলে তা মেটাতেও সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে সম্মানজনক জীবনযাপন করতে পারেন।

শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং কাফকো’র চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিমসহ অনেকে।

মন্তব্য করুন