ছাত্র সংসদ নেতাদের বিয়ে করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদ নেতাদের বিয়ে করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের উদ্দেশে তিনি বলেছেন, শুধু বিয়ের প্রতিশ্রুতিই নয়, ভালো জায়গায় তাদের বিয়ে দেওয়ারও ব্যবস্থা করে দেবেন তিনি। একইসঙ্গে ছাত্রনেতাদের চাকরির পেছনে না ছুটে নেতৃত্ব, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন জামায়াত আমির।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ জামায়াত আমিরের কাছে ছাত্র সংসদ নেতাদের কর্মসংস্থান, ক্যারিয়ার গঠন, জাতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশে দলের ভূমিকা এবং ব্যক্তিগত পরামর্শের পাশাপাশি বিয়ে নিয়ে দিকনির্দেশনা জানতে চান। এ সময় তিনি রসিকতা করে বলেন, তাদের ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও ক্যারিয়ার সম্পাদক মাজহার কিছুটা সিনিয়র হওয়ায় নিয়মিত এসে কান্নাকাটি করেন বিয়ের জন্য, এ ক্ষেত্রে আমিরের পরামর্শ চান তিনি।
তার এই বক্তব্যের জবাবে জামায়াত আমির উপস্থিত ছাত্রনেতাদের অগ্রিম মোবারকবাদ জানান। তিনি বলেন, তাদের বয়স হয়েছে এবং এখন তাদের বিয়ে-শাদি করা উচিত।
এ সময় দলের প্রয়াত সাবেক আমির গোলাম আযমের একটি বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, বিয়ে শুধু আনন্দের জন্য নয়, বরং সভ্যতা গড়ে তোলার জন্যই। সময়মতো এই কাজ করা না হলে জাতি পিছিয়ে পড়ে ও ক্ষতিগ্রস্ত হয়। দুনিয়ার অনেক জাতি এখন হাহাকার করছে এবং জনসংখ্যা সংকুচিত হয়ে আসায় তারা এখন বিয়ে ও সন্তান নেওয়ার জন্য বাড়তি উৎসাহ বা ইনসেনটিভ দিচ্ছে।
জামায়াত আমির আরও বলেন, যাদের এই সুযোগ রয়েছে, তাদের পাশে তারা সবসময় থাকবেন এবং কথা দিচ্ছেন ভালো জায়গায় তাদের বিয়ে করিয়ে দেবেন।
কর্মসংস্থান ও ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, তাদের চাকরির ব্যবস্থাও করে দেওয়া সম্ভব, তবে তিনি চান না যে তারা শুধু চাকরি করুক। তিনি চান তারা যেন এই জগতের লিডার হন, ইনোভেশন করেন এবং উদ্যোক্তা হন। আজকের বীজ থেকেই আগামী দিনের গাছ এবং পরশুদিনের ফল আসবে, এভাবেই দেশ এগিয়ে যাবে বলে জানান তিনি।
তিনি জানান, তরুণদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমেই তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে চান তারা। আজকের তরুণদের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
