নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশি দালালদের খপ্পরে পড়ে কয়েকজন নাগরিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। রবিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন, একটি বাংলাদেশি এজেন্সি রাশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে কিছু বাংলাদেশিকে রাশিয়ায় পাঠায়, পরে তাদেরকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করা হয়।
এ বিষয়ে মস্কোয় বাংলাদেশ দূতাবাস থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দালাল চক্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। রফিকুল আলম জানান, গত সপ্তাহে রাশিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িত এক চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণের বিষয়ে সতর্কতা অবলম্বন করা হয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়া ভ্রমণের বৈধ ভিসা থাকা যাত্রীদের জন্য বিশেষ সতর্কতার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, সোলায়মান কবির নামক এক বাংলাদেশি দালালের মাধ্যমে রাশিয়া গিয়ে যুদ্ধের অংশ হতে বাধ্য হন এক বাংলাদেশি নাগরিক। পরবর্তীতে তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসে আশ্রয় নেন। বাংলাদেশ দূতাবাস তার দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো বাংলাদেশি নাগরিক যদি এ ধরনের পরিস্থিতিতে পড়েন, তারা দূতাবাসে যোগাযোগ করে বাংলাদেশে ফেরত আসার ব্যবস্থা নিতে পারবেন।











