রিটার্ন দাখিলের সময় আর বাড়ছে না: এনবিআর

অনলাইন ডেস্ক:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, রিটার্ন দাখিলের সময় আর বাড়ানো হবে না। গতকাল রোববার রাতে তিনি বলেছেন, আজ রাত ১২ টার মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো জরিমানা লাগবে না। তবে নির্ধারিত সময় পেরোলেও রিটার্ন দাখিল করা যাবে, কিন্তু সে ক্ষেত্রে জরিমানা দিতে হবে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত ১৪ লাখ ১০ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছে। তবে রাত ১২ টার মধ্যে আরও ২০-৩০ হাজার রিটার্ন দাখিল হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরো জানান, আগের নিয়ম অনুযায়ী অনেক করদাতা হার্ডকপির মাধ্যমে রিটার্ন দাখিল করেছে। সব মিলিয়ে, এখন পর্যন্ত মোট ৩৭ থেকে ৩৮ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন।

এনবিআর চেয়ারম্যান আরো বলেন, বর্তমানে টিআইএনধারী করদাতার সংখ্যা প্রায় ১ কোটি ১৪ লাখ।