অনলাইন ডেস্ক:
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) দাবি করেছে, ইউক্রেন একটি পোর্টেবল মিউজিক স্পিকার ব্যবহার করে উচ্চপদস্থ এক রুশ কর্মকর্তা ও একজন রুশপন্থি যুদ্ধ ব্লগারকে হত্যার পরিকল্পনা করেছিল। তবে এফএসবি এই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে বলে গতকাল শনিবার জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।
এফএসবি, যা সোভিয়েত আমলের কেজিবির প্রধান উত্তরসূরি, জানায় যে একজন রুশ নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের মাধ্যমে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জিইউআরের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এফএসবি আরও জানায়, ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তার নির্দেশে ওই ব্যক্তি মস্কোর একটি গোপন স্থান থেকে একটি বোমা উদ্ধার করেন, যা একটি পোর্টেবল মিউজিক স্পিকারের মধ্যে লুকানো ছিল। তবে এফএসবি এই ঘটনায় জড়িত কর্মকর্তার বা ব্লগারের নাম প্রকাশ করেনি।
এই বিষয়ে ইউক্রেনের জিইউআরের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। তবে ইউক্রেন বলেছে, রাশিয়ার যুদ্ধ তাদের জন্য অস্তিত্বের হুমকি তৈরি করেছে। পরিকল্পিত গুপ্তহত্যা সম্পর্কে কিয়েভ দাবি করেছে, এটি শত্রুদের মনোবল দুর্বল করা এবং যুদ্ধাপরাধের জন্য দোষীদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে বৈধ।
রাশিয়া এ ধরনের কর্মকাণ্ডকে বেআইনি সন্ত্রাসবাদের কাজ বলে অভিহিত করেছে। এফএসবি ২০২২ সালে দারিয়া দুগিনা হত্যার প্রসঙ্গ টেনে এনে ইউক্রেনের বিরুদ্ধে বেসামরিক হত্যার অভিযোগও তুলেছে।











