লন্ডন উৎসবে পুরষ্কার পেলো বাংলাদেশের ‘আলী’

অনলাইন ডেস্ক:

গত বছর বিখ্যাত কান উৎসবে ইতিহাস গড়েছিল আদনান আল রাজীবের ‘আলী’। প্রথম বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য ছবি হিসেবে উৎসবে স্বর্ণপামের লড়াইয়ে সামিল হয়েছিল, জিতে নিয়েছিল স্পেশাল মেনশন। এরপর আরও একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি, জিতেছে পুরস্কারও। এবার ‘আলী’র লন্ডন-জয়। ‘সাউথ বাই সাউথওয়েস্ট লন্ডন উৎসব’-এর শর্টফিল্ম প্রাইজ জিতেছে ছবিটি। পুরস্কার ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ। ওই বার্তায় লেখা হয়েছে, “দারুণ খবর! উপকূলীয় এক অঞ্চলে নারীদের গান গাওয়া নিষেধ, সে গল্পের ছবি আমাদের শর্ট ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে।’ পুরস্কার হিসেবে নির্মাতা আদনান তার পরবর্তী প্রজেক্টের জন্য পাবেন ১০ হাজার ডলার মূল্যের পোস্ট-প্রডাকশন সুবিধা। ছবিটি নিয়ে উৎসবটির জুরি সদস্যদের মতামত এরকম, ‘একজন নির্মাতার প্রথম নির্মাণ থেকে এরকম নতুন ধারার গল্প ও নির্মাণ সত্যিই অবিশ্বাস্য।’ এদিকে পুরস্কার জয়ের খবরটি ফেসবুকে শেয়ার করেছেন আদনানও। সঙ্গে লিখেছেন, “আলী’ আবারও পুরস্কার জিতল। এটা অসাধারণ একটা খবর। ধন্যবাদ উৎসব কর্তৃপক্ষকে।” উল্লেখ্য, ‘আলী’র নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন।