শহীদদের পরিবারকে এককালীন টাকা, ভাতা ও চাকরি দেওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূল করতে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে শহীদ হওয়া পরিবারের সদস্যদের জন্য এককালীন টাকা, মাসিক ভাতা এবং চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম তার ফেইসবুক পোস্টে জানিয়ে দেন, “জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে। তবে চাকরিতে এটি কোনো নতুন কোটা হিসেবে যুক্ত হবে না। পরিবারের কর্মক্ষম কোনো একজন ব্যক্তিকে একবারের জন্য যোগ্যতার বিচারে সরকারি-আধা সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি বিবেচ্য হবে না।”

নাহিদ ইসলাম আরও জানান, “যারা সারাজীবনের জন্য অন্ধ কিংবা অঙ্গহানির কারণে কর্মক্ষম হতে পারবেন না, তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। এই আহতদের মধ্যে অনেক তরুণ রয়েছে, যারা তাদের বাকি জীবন আন্দোলনের ক্ষত বয়ে বেড়াতে হবে এবং অনেককে দীর্ঘকাল চিকিৎসা নিতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের পুনর্বাসন এবং এই পরিবারগুলোর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার ছিলো এবং রাষ্ট্রের দায়িত্বও। কয়েক হাজার পরিবার এই অভ্যুত্থানে অংশগ্রহণের পর অচল হয়ে গিয়েছে। তাঁদের ক্ষতি কোনো কিছু দিয়েও পূরণ করা সম্ভব নয়, তবে তারা সকলের থেকে শুধু সম্মান ও মর্যাদা চায়।”