শাজাহান খানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা থানাধীন বিসমিল্লাহ আবাসিল হোটেলের সামনের রাস্তায় মো. রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত এ রিমান্ডের আদেশ দেন।
তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তবে আসামির পক্ষের আইনজীবী মিজানুর রহমান বাদল রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
মামলার বিবরণী অনুযায়ী, গত ১৯ জুলাই দুপুর ১টার দিকে বাড্ডার বিসমিল্লাহ আবাসিল হোটেলের সামনের রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মো. রফিকুল ইসলাম (৩৭) পুলিশের গুলিতে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৭ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় রফিকুল ইসলামের মামা মুহাম্মদ লুৎফর রহমান শেখ হাসিনাসহ ৩৭ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করেন।
প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়।
