অনলাইন ডেস্ক:
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় চার বছরের শিশুকন্যা আয়না নূর ইসলামকে হত্যার অভিযোগে তার মা তাসনিম চৌধুরী ছোয়াকে (২৩) আটক করেছে পুলিশ। গত শুক্রাবর সন্ধ্যায় রমনা সিদ্ধেশ্বরী হাসনা ভিলার ৩৮/৯ নম্বর বাসা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার এসআই মো. গোলজার হোসেন জানান, সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ সিদ্ধেশ্বরীর বাসায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে। শিশুটির চোখ-মুখে নীলা ফোলা জখম ছিল এবং ধারণা করা হচ্ছে, চুল ধরে ওয়াল বা গ্রিলের সঙ্গে আছড়িয়ে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, শিশুটির বাবা এস এম আতিকুল ইসলাম এবং মা ছোয়া দক্ষিণ বনশ্রীর ১২ নম্বর রোডের এল ব্লকের বাসায় থাকতেন। বেশ কিছুদিন ধরে ছোয়া নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, যার কারণে আতিকুল আলাদা বাসায় থাকতেন। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে, নেশাগ্রস্ত অবস্থায় ছোয়া তার স্বামী আতিকুলকে ফোন করে সিদ্ধেশ্বরীর বাসায় আসতে বলেন। আতিকুল তাকে নিষেধ করলেও পরে তিনি ফোনে পাওয়া যাননি।
পরবর্তীতে, পরের দিন শুক্রবার সকালে শিশুটির নানাসহ আত্মীয়-স্বজন বনশ্রীর বাসায় গিয়ে শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মা ছোয়া পাশেই পড়ে ছিলেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায়, আয়নার বাবা অভিযোগ করেছেন যে, তার স্ত্রী সব সময় নেশাগ্রস্ত ছিলেন এবং হত্যাকাণ্ডে তার স্ত্রীর সঙ্গে অন্য কেউ জড়িত থাকতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ছোয়াকে আটক করা হয়েছে।











