নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা। রবিবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নেন এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
সকাল সোয়া ৯টা পর্যন্ত বিক্ষোভ চলাকালীন সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা ইটপাটকেল ছুঁড়লে পুলিশ পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।”
ঘটনাস্থলে থানা পুলিশ ও শিল্প পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।











