সংলাপের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার পথ স্পষ্ট হবে: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মাধ্যমে আগামী বাংলাদেশের চেহারা কী হবে, তা নির্ধারণ করা হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। শফিকুল আলম বলেন, “আজকে একটি ঐতিহাসিক দিন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে, যা মূলত প্রস্তুতিমূলক সভা।” তিনি জানান, ২৬টি দল ও জোটের প্রায় ১০০ জন রাজনীতিবিদ এই বৈঠকে অংশগ্রহণ করেছেন, যেখানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শফিকুল আলম আরও জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রথম অধ্যায় শেষ হয়ে গেছে, আর আজকের সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে। তিনি বলেন, “আমরা যে বাংলাদেশ গড়তে চাই, সে ব্যাপারে সবার সমর্থন রয়েছে। বড় বড় দেশগুলো আমাদের পাশে রয়েছে এবং জাতিসংঘও সমর্থন জানিয়েছে।”

তিনি উল্লেখ করেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন থেকে পুরো বিশ্ব জানতে পেরেছে যে দেশে কীভাবে মানুষের অধিকার হরণ করা হয়েছে এবং কতটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। শফিকুল আলম আশা করেন, এই সংলাপের মাধ্যমে সবার ঐকমত্যে এমন বাংলাদেশ গড়ার পথ স্পষ্ট হবে, যা পুরো পৃথিবী এবং দেশের জনগণের সমর্থন লাভ করবে।