সচিব পদমর্যাদায় তিন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:

সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ তিন পদে সচিব পদমর্যাদায় তিন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং ওয়াকফ প্রশাসক পদে এই নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এক বছরের জন্য এসব নিয়োগ কার্যকর থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মোহাম্মদ জকরিয়াকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, সাফিজ উদ্দিন আহমেদকে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক এবং মো. আব্দুল্লাহ আল বাকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। তারা সবাই সাবেক আমলা হিসেবে পরিচিত।

 

নিয়োগের শর্ত হিসেবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী তাদেরকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তারা দায়িত্ব পালন করবেন। অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এবং অভিজ্ঞতার ব্যবহার নিশ্চিত করতেই এই নিয়োগ দেওয়া হয়েছে।

 

এদিকে পৃথক আদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শায়লা শারমিন জামানকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।