সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

রংপুর প্রতিনিধি:

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুরের পাগলাপীরে এক পথসভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

সনাতনি সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে এই যে বাংলাদেশে সনাতনি সম্প্রদায়ের মানুষ রয়েছে, তাদের উৎসব শারদীয় দুর্গোৎসব। আমরা চাই বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় যেমন সব মানুষ, সব ধর্মের মানুষ মিলে এই দেশকে স্বাধীন করেছে, তেমনি চাই সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই দেশকে গড়ার জন্য।’

প্রত্যেক খেটে খাওয়া মানুষের কল্যাণে সরকারের কাজ চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রত্যেকটি খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের দিন সবার প্রতিজ্ঞা হোক— মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলেই বাংলাদেশ গড়ে তুলবে। পরিশ্রম করেই দেশকে এগিয়ে নিতে হবে।’

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে সরকারপ্রধান বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা যেদিন থেকে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছি, সেদিন থেকে আমরা এই দেশের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’

এ সময় সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ‘সেজন্যই আপনারা দেখেছেন যে, কৃষকদের কৃষি ঋণ আমরা ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করেছি। আমরা ফ্যামিলি কার্ড চালু করেছি, কৃষক কার্ড ইনশাআল্লাহ চালু করে ফেলেছি। আমরা ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন, তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা আমরা করেছি।’

এদিকে রংপুর ছাড়াও মঙ্গলবার ব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী। দুপুরে রাজশাহীর ধর্মসভা মন্দির পূজামণ্ডপ পরিদর্শনের পর বিকেলে হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন তিনি।

সন্ধ্যায় বন্দর নগরীর জে এম সেন হল রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শনের পর রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।