অনলাইন ডেস্ক:
রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংক—সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের পৃথক চিঠিতে সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুলের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের বিষয়ে সরকারের সম্মতির কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক পদক্ষেপ নিতে ব্যাংকগুলোর পর্ষদকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে আরও তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংক—অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও বেসিক ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছিল। এ নিয়ে পরপর ছয়টি সরকারি ব্যাংকের শীর্ষ নির্বাহীকে অপসারণ করল সরকার। পাশাপাশি সম্প্রতি এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে ১০ জন পরিচালককেও অব্যাহতি দেওয়া হয়েছে।











