সাপাহারে বাড়ি ভাংচুর, লুটপাট ও মারপিটের ঘটনায় আহত ২

বাবুল আক্তার, সাপাহার :

নওগাঁর সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে অনধিকার প্রবেশ করে ইটের প্রাচীর ভাংচুর, লুটপাট ও মারপিটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন।

গত ১৭ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে গোয়ালা ইউনিয়নের আনারপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগে জানা গেছে, প্রতিপক্ষের লোকজন পুর্ব পরিকল্পিতভাবে বাড়ির প্রাচীরের ইট ভাংচুর করতে থাকে। এ সময় বাধা দিলে হামলাকারীরা খালেদা বেগমকে মারধর শুরু করে। তার ডাকচিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন তার স্বামী শফিকুল ইসলাম। এসময় হামলাকারীরা শফিকুল ইসলামের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে এবং তার মেয়ে রোমানা আক্তার সাথীকে এলোপাতাড়ি মারধর করে।

হামলাকারীরা কলেজ পড়ুয়া কন্যার কাপড় ছিড়ে ফেলতে চেষ্টা করে, যা তার সম্ভ্রমহানির চেষ্টা হিসেবে অভ্যুত্থিত হয়। এ পরিস্থিতিতে তারা জীবন বাঁচাতে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়। এই সুযোগে হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে আনুমানিক ১,৬০,০০০ টাকা, দুটি স্বর্ণ অলংকার এবং ১০ ফিট বাই ৮ ফিটের ইটের প্রাচীর ভেঙে দিয়ে চলে যায়।

গ্রামবাসীরা আহত শফিকুল ইসলাম ও রোমানা আক্তারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী খালেদা বেগম স্থানীয় থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। তবে প্রতিপক্ষের বাবুল আকতার এর সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে, তিনি বাড়ির প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ শিকার করলেও অন্যান্য অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেন।