সাভারে ৬ শিক্ষার্থী হত্যার ঘটনায় এমপিসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক:

গত ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় ৬ শিক্ষার্থীকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলাম এবং চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ আদেশ দেন। প্রসিকিউশনের আবেদন অনুযায়ী, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, ‘গত ৫ আগস্ট ৬ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করার পর তাদের লাশ পরিকল্পিতভাবে পুড়িয়ে দেয়া হয়েছিল। এই ঘটনায় তৎকালীন সংসদ সদস্য সাইফুল ইসলামের সম্পৃক্ততা পাওয়া গেছে, যার কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ‘এই মামলায় আরও চারজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তবে তাদের নাম গোপন রাখা হয়েছে। আগামী ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা তামিলের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।’

এ সময়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশে ফিরলে বিচার কাজ আরও সহজ হবে।’

এর আগে, গত ১১ সেপ্টেম্বর সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে ৬ শিক্ষার্থী হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান এসব অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৬ জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয় এবং তাদের লাশ ভ্যানে করে পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা দুই জনের পরিচয় শনাক্ত করতে সক্ষম হন। ওই ভিডিওতে দেখা যায়, একটি ভ্যানের মধ্যে কয়েকজনের নিথর দেহ পড়ে রয়েছে, এবং পুলিশ সদস্যরা আরও একটি মরদেহ ভ্যানে তুলছেন।