জেলা প্রতিনিধি :
সাভার ও আশুলিয়ায় গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টার পর একাধিক ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় ডাকাতদের ছুরিকাঘাতে ৪ জনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।
প্রথম ঘটনাটি ঘটে সাভারের রেডিও কলোনি থেকে সিএনবি পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কে, যেখানে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতি চালায় একদল ডাকাত। ডাকাতরা বাসে ওঠার পর যাত্রীদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে এবং চারজনকে কুপিয়ে আহত করে। পরে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন মহাসড়কে নেমে যায়।
অন্য এক ঘটনায় সাভারের চাঁপাইন এলাকায় এক যুবক জনসম্মুখে চারজনকে ছুরিকাঘাতে আহত করে। পুলিশ ওই যুবককে আটক করেছে।
আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের পলমল গার্মেন্টসের কাছে একটি বিয়ে বাড়ির মিনি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে আসা বাসটি আশুলিয়ার সদরপুর এলাকায় পৌঁছালে রাস্তায় গাছ ফেলে ডাকাতরা বাসটি আটকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে। এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরেকটি ডাকাতির ঘটনা ঘটে কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকায়। সিরাজগঞ্জ থেকে ঢাকার মিরপুর যাওয়ার পথে একটি প্রাইভেটকারে ডাকাতরা হামলা চালায়। তারা গাড়ির কাঁচ ভেঙে এক লাখ ১৩ হাজার টাকা, একটি আইফোন এবং একটি অ্যান্ড্রয়েড ফোন লুট করে। ডাকাতরা দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল।
আহতদের সবাইকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে,” এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর বলেন, “ডাকাতদের আটকের জন্য অভিযান চলছে।”











