নিজস্ব প্রতিবেদক:
বৈরি আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জের সাদা পাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।
গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এর ফলে নদ-নদীর পানি বেড়ে গেছে এবং পাহাড়ি ঢলের আশঙ্কাও দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা ঝুঁকি বাড়ায় পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (৩০ মে) বন্ধের আদেশে সই করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার। তবে সরকারি ছুটি থাকায় আদেশটি প্রকাশ করা হয় রবিবার (১ জুন)।
ইউএনও আজিজুন্নাহার জানান, “শুক্রবার সারাদিনই পাহাড়ি ঢল ছিল। তাৎক্ষণিকভাবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পাথর বন্ধের সিদ্ধান্ত নিই। তবে ছুটির কারণে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের দ্রুত জানানো সম্ভব হয়নি।”
তিনি আরও জানান, আবহাওয়া স্বাভাবিক হলে পর্যটনকেন্দ্রটি আবারও খুলে দেওয়া হবে।
সাদা পাথর পর্যটনকেন্দ্র সিলেটের অন্যতম দর্শনীয় স্থান, যেখানে প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ভিড় করেন।











