সিলেটে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক

সিলেটের ওসমানীনগরে মোটরসাইকেলের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মাহবুব হাসান পংকি (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার ১৩ বছর বয়সী ছেলে রাফি আহমদ গুরুতর আহত হন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের কসেরতল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহবুব হাসান উপজেলার সাদীপুর ইউনিয়নের চাতলপাড় গ্রামের রমজান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাহবুব হাসান পংকি ও তার ছেলে মোটরসাইকেলে করে গোয়ালাবাজারের দিকে যাচ্ছিলেন। কসেরতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্সের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলটি অ্যাম্বুলেন্সের নিচে চলে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত পংকি ও তার ছেলেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মাহবুব হাসান পংকিকে মৃত ঘোষণা করেন। আহত রাফি আহমদের অবস্থা গুরুতর এবং তার জীবন নিয়ে শঙ্কা রয়েছে।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।