পর্যটকদের জন্য নয় মাসের নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করা হলো সেন্টমার্টিনে প্রবেশ

অনলাইন ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে অবস্থিত প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের প্রবেশের ওপর নয় মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে গতকাল, শনিবার থেকে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল করবে, তবে ১ ফেব্রুয়ারি থেকে আর কোনও পর্যটকবাহী জাহাজ দ্বীপে যেতে পারবে না।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন জানান, “সরকার যদি সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে নতুন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” তবে স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা জানাচ্ছেন, সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ করে থাকেন, কিন্তু এ বছর এই সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে সেন্টমার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহিম জিহাদী বলেন, “এখন পর্যন্ত এমন সংকট দ্বীপে তৈরি হয়নি। যদি পর্যটক আসা বন্ধ হয়ে যায়, তাহলে এখানকার বাসিন্দারা বড় সংকটে পড়বেন।”

তিনি আরও বলেন, “দ্বীপে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত শত শত মানুষ। মানবিক দিক বিবেচনায় পর্যটকদের জন্য কমপক্ষে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত রাখা উচিত।”