নিজস্ব প্রতিবেদক:
বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মইনুল ইসলামকে তার স্ত্রীসহ কানাডা যাওয়ার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয় বলে বিমানবন্দরে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা একটি সূত্র নিশ্চিত করেছে।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের মাত্র ৪৮ পর বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মইনুল ইসলাম। ওই বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দায়িত্ব নেওয়ার পর তিনি বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করেন এবং একটি গোয়েন্দা ইউনিট যোগ করেন। পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হয়ে সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৫ সালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পদে যোগ দেন তিনি এবং ২০১৬ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন। অবসরগ্রহণের পর তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজে আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।











