হলের কক্ষে মারধর, ৯ শিক্ষার্থী শাস্তি, ২ জন বহিষ্কার

জেলা প্রতিনিধি :

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের ১০৭ নম্বর রুমে এক শিক্ষার্থীকে মারধর করার ঘটনায় ৯ শিক্ষার্থীকে শাস্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দুইজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবিরের সই করা আদেশে সেমিস্টার ও আবাসিক হল থেকে এসব শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, ২৬ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের হলের ১০৭ নম্বর রুমে কথাকাটাকাটির জেরে এক শিক্ষার্থীকে মারধর করা হয় এবং আরও কয়েকজনকে নির্যাতন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করে। তদন্ত কমিটি অভিযুক্ত শিক্ষার্থীদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে এবং তাদের শাস্তি প্রদানের সুপারিশ করেছে।

শাস্তিপ্রাপ্তদের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের এমএস-২ সেমিস্টারের শিক্ষার্থী সাজ্জাদ আহমেদ এবং পরিসংখ্যান বিভাগের লেভেল ৪ সেমিস্টার-২ এর শিক্ষার্থী সৌরভ কুমার কুন্ডুকে এক সেমিস্টারের জন্য এবং ১ বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া কৃষি অনুষদের সাকিবুর রহমান (সুইন), সাদী মো. মোসাব্বাহ (সাদী চিশতি), ম্যানেজমেন্ট বিভাগের মাস-উদ আব্দুল্লাহ (রিদম), ফিন্যান্স ব্যাংকিং বিভাগের ফাহমিদ তানজিম ফাহিম, পদার্থবিজ্ঞান বিভাগের আবু হামজা, ফিন্যান্স ব্যাংকিং বিভাগের নুহাস আলী অর্ণব এবং মার্কেটিং বিভাগের এমবিএ শিক্ষার্থী তামজিদ হককে ১ বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে প্রশাসনের কাছে বিচারের দাবি জানান। আন্দোলনের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয় এবং অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এধরনের কোনো অশান্তি বরদাশত করা হবে না। যেকোনো ধরনের হয়রানি বা লাঞ্ছনার শিকার হলে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।