অনলাইন ডেস্ক :
হাওর অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ ও জনগণের জীবনমান উন্নয়নের জন্য কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে শ্রীমঙ্গলের হাইল হাওরের হাজীপুর এলাকায় বাইক্কার বিল মৎস্য অভয়াশ্রম সংলগ্ন পাড়ে সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বাইক্কা বিল রক্ষার জন্য অভয়াশ্রম করা হয়েছে। এটি রক্ষায় স্থানীয় সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে, মৎস্য কর্মকর্তাদের সরাসরি প্রতিনিধিত্ব থাকলে অভয়াশ্রম রক্ষার কার্যক্রম আরও কার্যকর হবে।”
পাখি শিকার বন্ধের আহ্বান জানিয়ে ফরিদা আখতার বলেন, “এ ধরনের শিকার নির্মম ও অমানবিক। এটি প্রাণবৈচিত্র্যের পাশাপাশি দেশের সামগ্রিক পরিবেশের জন্যও ক্ষতিকর।”
এসময় তিনি জানান, হাওর রক্ষায় বিদেশি সহায়তার ওপর নির্ভর না করে নিজস্ব অর্থায়নে টেকসই উদ্যোগ নিতে হবে। পাশাপাশি, দাদুরিয়া বিল খননের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।
সভা শেষে বাইক্কার বিল মৎস্য অভয়াশ্রম সংলগ্ন এলাকায় হিজল গাছ রোপণ করেন উপদেষ্টা ফরিদা আখতার।











